Advertisement

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

শরীয়তপুরের জাজিরায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ইউসুফ (১২) গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিএনজির দুই যাত্রী মিম (২০) ও মলিনা আক্তার আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিরব পোদ্দার ও ইউসুফ মোটরসাইকেলযোগে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। তারা চরখাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাওডোবার দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন। গুরুতর আহত ইউসুফ ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরব পোদ্দারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিএনজির আহত দুই যাত্রী মিম ও মলিনা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, ‘নিরবকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। ইউসুফ গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

সম্পর্কিত- সড়ক দুর্ঘটনা
0%
0%
0%
0%