Advertisement

‘সবার আগে বাংলাদেশ, দুর্নীতিবাজের দিন শেষ’—স্লোগানে মুখর রাবিপ্রবি, গফুরের পদত্যাগ দাবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক আব্দুল গফুরের পদত্যাগ ও তাকে বয়কটের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘ঘৃণা মঞ্চ’ নামে একটি প্রতিবাদ মঞ্চের উদ্বোধন করেন এবং আব্দুল গফুরের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও তার পদত্যাগের দাবি জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভে শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে আব্দুল গফুরের পদত্যাগ, কথিত ঘুষের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগের অভিযোগের তদন্ত, দুইজন তৃতীয় বিভাগপ্রাপ্ত ব্যক্তির সহকারী পরিচালক পদে নিয়োগ বাতিল এবং দুর্নীতি, জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—“সবার আগে বাংলাদেশ, দুর্নীতিবাজের দিন শেষ”, “দুর্নীতিবাজের পক্ষে যারা, কত টাকা পেলো তারা” এবং “১, ২, ৩, ৪—গফুর তুই গদি ছাড়”।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কোনো স্থান নেই। তারা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচির একপর্যায়ে রাবিপ্রবির সহকারী প্রক্টর এজাজুল ইসলাম এজাজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূর্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় চান।

পরবর্তীতে দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নিল আবেদীন সিদ্দিক শিক্ষার্থীদের সামনে এসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সর্বশেষ ১৫ দিনের সময় চান। তিনি বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার মধ্যেই এর সমাধান হবে। এছাড়া তিনি জানান, সংশ্লিষ্ট পদটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে।

তবে শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে বারবার আন্দোলনের আশ্রয় নিতে হচ্ছে।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আব্দুল গফুরের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাকে বয়কট করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পর্কিত- পদত্যাগ দাবি
0%
0%
0%
0%