সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসী জামাল উদ্দিনের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার বিকেলে উপজেলার কালমেঘা এলাকায় ভাতিজি ইসমত আরার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামাল উদ্দিন। গত ২ আগস্ট রাতে সখীপুরের কালমেঘা এলাকায় অসুস্থ অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে আশ্রয় দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর আর্থিক সহায়তায় গত সপ্তাহে জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর শুক্রবার তাঁকে ভাতিজির বাড়িতে ফিরিয়ে আনা হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তায় ফেলে যাওয়ার পর থেকে জামাল উদ্দিনের স্ত্রী ও সন্তানরা তাঁর কোনো খোঁজ নেননি। তবে তাঁর স্ত্রী দাবি করেছেন, ঘটনার প্রায় আড়াই মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।
সৌদি আরবে দীর্ঘদিন প্রবাসজীবন কাটানো জামাল উদ্দিন জীবনের শেষ সময়ে আপনজনদের কাছ থেকে দূরে ছিলেন। শেষ পর্যন্ত স্বজনদের পরিবর্তে স্থানীয়দের সহায়তা ও ভাতিজির আশ্রয়েই কাটে তাঁর শেষ দিনগুলো।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পাশাপাশি স্বজনদের ভূমিকা নিয়ে নতুন করে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
