পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নবনির্মিত এই পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রেখে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পাঠাগারের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, প্রত্যন্ত জনপদে এমন জ্ঞানকেন্দ্র গড়ে উঠলে শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়বে এবং একটি সচেতন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সহজতর হবে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অবিস্মরণীয় করে রাখার লক্ষ্যেই এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
পাঠাগারের পরিচালক রুহুল আমিন জানান, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহার করতে এবং তাদের জ্ঞানপিপাসা মেটাতে এই পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ধারার জীবনযাপনে অভ্যস্ত করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত এই পাঠাগারটি এলাকার জ্ঞানপিপাসু মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।
