মৌলভীবাজারে চা শ্রমিকদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণগুল চা-বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকায় উন্নীত করাসহ পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা। রোববার সকালে বাগানের চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে তারা পুনরায় কাজে ফিরে যান।
বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রম অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। একই সঙ্গে তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং অন্যায্যভাবে আরোপিত ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনের পর আয়োজিত পথসভায় শ্রমিকেরা বাগানে স্বাস্থ্যসেবার চরম সংকট ও চিকিৎসকের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই এবং নিজস্ব চিকিৎসক না থাকায় অসুস্থ হলে শ্রমিকদের বাধ্য হয়ে ব্যক্তিগত খরচে চিকিৎসা নিতে হচ্ছে।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালীসহ চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃদা। বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শ্রমিকদের দুরবস্থা লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
