তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ চার কর্মকর্তার রদবদল

পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. ফজলে এলাহী।
অন্যদিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
