Advertisement

আড়াইহাজারে গ্যাস সংকটের সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কে তীব্র গ্যাস সংকটের সুযোগে অসাধু সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন দ্বিগুণেরও বেশি ভাড়া। গত কয়েক দিন ধরে চলা এই নৈরাজ্যের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিবহন সংকটের এই সুযোগে চালকদের স্বেচ্ছাচারিতায় মদনপুর থেকে আড়াইহাজার এবং বিশনন্দী ফেরিঘাটগামী সাধারণ মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, মদনপুর থেকে আড়াইহাজার পর্যন্ত স্বাভাবিক ভাড়া ৬০ টাকা হলেও বর্তমানে তা ১০০ থেকে ১৫০ টাকায় উন্নীত করা হয়েছে। একইভাবে মদনপুর থেকে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত ৯০ টাকার ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে ২০০ টাকা। বাধ্য হয়ে বেশি ভাড়া গুনতে গিয়ে প্রায়ই চালকদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। শাহিদা বেগম নামের এক যাত্রী জানান, চালকরা অগ্রিম ভাড়া নির্ধারণ করে দিচ্ছেন এবং বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি থেকে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গ্যাস সংকটের অজুহাতে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি চালকদের। আফজাল মিয়া নামক এক সিএনজি চালক জানান, গ্যাস স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাওয়া যাচ্ছে না, যার ফলে দিনের অধিকাংশ সময় নষ্ট হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, সংকট থাকলেও তা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে এভাবে গলাকাটা ভাড়া আদায় করা যৌক্তিক নয়। সড়কে বাস চলাচল সীমিত হওয়ায় বিকল্প ব্যবস্থা না থাকায় অসহায় যাত্রীরা বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।

প্রশাসনের যথাযথ তদারকির অভাবে চালকরা বেপরোয়া হয়ে উঠেছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষী চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%