AdvertisementAdvertisement

পার্কিংবিহীন চট্টগ্রামের ৮০ শতাংশ বেসরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে এক মাসের আলটিমেটাম

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বেসরকারি হাসপাতালে নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই, যা তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সংকটের মুখে রয়েছে শহরের অধিকাংশ বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, অপরিকল্পিত নগরায়ন ও বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সিডিএ পরিচালিত এক বিশেষ অভিযানে পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা, ডেল্টা হাসপাতাল, ডক্টরস ল্যাব, চিটাগং গ্রামার স্কুল ও চিটাগং আইডিয়াল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইমারত বিধিমালা ও নকশা অনুমোদনের গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, অনেক প্রতিষ্ঠান আবাসিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। এছাড়া পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে রোগী ও অভিভাবকদের যানবাহন বাধ্য হয়ে সড়কের ওপর রাখতে হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রকৌশলী বেলায়েত হোসেন আরও জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির শর্ত হিসেবে ব্যক্তিগত গাড়ির বাধ্যবাধকতা রাখলেও শিক্ষার্থীদের গাড়ি রাখার নিজস্ব কোনো জায়গা নেই। এছাড়া পরিদর্শনকালে বিভিন্ন ভবনে জরুরি বহির্গমন পথ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতি নজরে এসেছে। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে নকশা অনুযায়ী পার্কিং নিশ্চিত করতে এবং অনুমোদিত ভবনে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ভবনগুলো সিলগালাসহ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিডিএ।

নগরবাসীকে যানজটমুক্ত শহর উপহার দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে সিডিএ এই বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। এর আগেও মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, ন্যাশনাল হসপিটাল ও ম্যাক্স হাসপাতালসহ বেশ কিছু প্রতিষ্ঠানে একই ধরনের অব্যবস্থাপনা খুঁজে পায় সংস্থাটি। শহরকে বাসযোগ্য করে তুলতে এবং সড়ক দখলমুক্ত রাখতে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%