চাঁদপুরে বাবার ঘরে আগুন দেওয়ার অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা এলাকায় বাবার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শামছুল মুহুরীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত মনির দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিতেন। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তার স্বভাবের কোনো পরিবর্তন আসেনি।
গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জের ধরে পরদিন ২৬ জুলাই গভীর রাতে মনির হোসেন বাবু ক্ষুব্ধ হয়ে নিজের বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেন। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের প্রয়োজনীয় আসবাবসহ সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
