ক্রিকেট খেলা দেখতে গিয়ে কালিয়াকৈরের ইউএনওর আইফোন খোয়া গেছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত বিসিএল টেপ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে মুঠোফোন হারিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। শুক্রবার বিকেলে খেলা চলাকালীন ভিড়ের মধ্যে তার ব্যবহৃত আইফোনটি খোয়া যায়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ঘিরে মাঠ প্রাঙ্গণে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটেছিল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। ভিআইপি ও দর্শক সারিতে প্রচণ্ড ভিড় থাকায় কে বা কারা কৌশলে সরকারি কর্মকর্তার মুঠোফোনটি হাতিয়ে নেয়।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে মাঠের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের অবহিত করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামসহ দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনটি উদ্ধারের চেষ্টা চালান, তবে শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, মাঠের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
