প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর শনিবার সকাল সাড়ে নয়টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই প্রথমবার ঢাকায় পা রাখেন মার্কিন প্রতিনিধি সার্জিও গর। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করার ঘোষণা আসে। ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ এ নির্ধারণের এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির প্রতিফলন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
সফরের দ্বিতীয় দিনে মার্কিন দূত আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প-৪, ৬ ও ৮ ওয়েস্টের সামগ্রিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আশ্রিত রোহিঙ্গারা তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
