ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গত ২৬ জুলাই কর্পোরেশনের পরিচালনা কমিটির ১৪তম সভায় এই বাজেট অনুমোদিত হয়।
নতুন অর্থবছরের এই বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭৩০.৯৩ কোটি টাকা। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১৫.৭৪ কোটি টাকা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১ হাজার ৪৫৭.৯৩ কোটি টাকা আয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রারম্ভিক স্থিতিসহ মোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকায় স্থির করা হয়েছে।
ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমপরিমাণ অর্থ অর্থাৎ ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরিচালন ও মূলধন ব্যয় বাবদ ১ হাজার ৫৫৯.৬৮ কোটি টাকা এবং উন্নয়ন কার্যক্রমের জন্য ১ হাজার ৯০৪.৪২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বছর শেষে সমাপনী স্থিতি হিসেবে ৫৪০.৫০ কোটি টাকা রাখার পরিকল্পনা রয়েছে।
বাজেট বক্তৃতায় প্রশাসক মো. আবদুস সালাম জানান, উচ্চাভিলাষী পরিকল্পনার পরিবর্তে বাস্তবসম্মত ও কার্যকর বাজেট প্রণয়নের ওপর জোর দেওয়া হয়েছে। নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে নিজস্ব আয়ের নতুন উৎস সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
বাজেটের মূল লক্ষ্য হিসেবে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ রোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন এবং ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করে এই বাজেট বাস্তবায়নে সর্বস্তরের নাগরিক ও অংশীজনদের সহযোগিতা কামনা করেছেন ডিএসসিসি প্রশাসক।
উল্লেখ্য, এর আগের ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেটের আকার ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে জনসেবা ও নাগরিক সুবিধার মানোন্নয়নই এই বাজেটের মূল চালিকাশক্তি বলে কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।