নিমসার বাজারে মহাসড়ক দখল ও যানজটে জনদুর্ভোগ চরমে

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারে দীর্ঘস্থায়ী যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারটিতে প্রতিদিন ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের অত্যধিক চাপে স্থবির হয়ে পড়ে সড়ক। দূর-দূরান্ত থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং নসিমনের অনিয়ন্ত্রিত চলাচলে নিয়মিত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা স্থানীয় ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ পথচারীদের জন্য নিত্যদিনের অসহনীয় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। এছাড়া মহাসড়কের পাশে যানবাহন থামিয়ে পণ্য লোডিং-আনলোডিং করার কারণে মহাসড়কের বড় একটি অংশ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ভোররাত থেকে শুরু হওয়া পাইকারি বেচাকেনার সময় উল্টোপথে যানবাহন প্রবেশ করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। পথচারীদের চলাচলের জায়গা না থাকায় ক্রেতারা মহাসড়ক দিয়েই হাঁটাচলা করতে বাধ্য হচ্ছেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
গত ৬ এপ্রিল সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অভিযোগ রয়েছে, অভিযানের পরপরই স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট পুনরায় দখলকৃত জায়গায় দোকানপাট নির্মাণ করেছে। বাজারের ইজারাদার সফিকুর রহমান ভূঁইয়া বাজারের অব্যবস্থাপনা ও অবৈধ দখলের দায় এড়িয়ে বলেন, জায়গা পরিষ্কার রাখা বা দখলমুক্ত করা মূলত প্রশাসনিক কাজ।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, যানজট নিরসনে নিয়মিত কাজ করছে প্রশাসন। মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা না ফেলে নিচু এলাকায় ফেলার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, কার্যকর উচ্ছেদ অভিযান এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার বাস্তবায়ন ছাড়া এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত দখলদার উচ্ছেদ ও যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন।