AdvertisementAdvertisement

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জটিল রোগসমূহ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ বা ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যাদের মধ্যে ৮০ শতাংশই নারী হবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ স্বাস্থ্যসেবা কিট নিয়ে নারী স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়ি পরিদর্শন করবেন। তারা রক্তচাপ, ওজন, রক্তে শর্করা এবং লিপিড প্রোফাইলসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদানই হবে এই নিয়োগপ্রাপ্ত নারী কর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব।

Advertisement
বিজ্ঞাপন

একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির গুরুত্বের ওপর জোর দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী ক্যান্সারসহ সব ধরনের অসংক্রামক রোগ প্রতিরোধে এ কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে দেশের স্বাস্থ্যখাতে এই মাইলফলক অর্জিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিজারিয়ান অপারেশনের ক্রমবর্ধমান হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রচুর সংখ্যক নবজাতক অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিচ্ছে, যার ফলে তারা মায়ের প্রথম দুধ বা শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন ও সচেতনতার অভাবে মাতৃদুগ্ধ পান করানোর হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যা শিশুদের দীর্ঘমেয়াদী পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

0%
0%
0%
0%