নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। বুধবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে এই জরুরি সভা ডাকা হয়। সভায় দলীয় তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।