নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি জাতীয় সনদ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিগত সরকারের সমালোচনা করে প্রেস সচিব বলেন, বিগত আমলে উন্নয়নের নামে কেবল গালগল্পই শোনানো হয়েছে, বাস্তবে ঘটেছে চরম অবনতি। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া জাতীয় সমৃদ্ধি অর্জন অসম্ভব।
দেশের গুণগত পরিবর্তনে তারেক রহমান নিজেই মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, মতাদর্শিক ভিন্নতা থাকলেও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সবাইকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ভোটের লড়াইয়ে মতের অমিল থাকতে পারে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে দেশবাসীকে একযোগে কাজ করতে হবে।
আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার সূচনা করেছেন। আগের মতো তোষামোদ বা বন্দনার রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে তিনি জনসম্পৃক্ততা বৃদ্ধি করছেন। জনগণের নাড়ি স্পন্দন বুঝতে তিনি নিয়মিত ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলা সফর করছেন, যাতে তৃণমূলের মানুষের সমস্যার সমাধান সরাসরি তদারকি করা যায়।
বাজেট প্রসঙ্গে প্রেস সচিব এটিকে সরকারের একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের পাস করা বাজেট একটি জীবনবান্ধব দলিল, যার প্রমাণ হলো বাজেট ঘোষণার পর বাজারে কোনো পণ্যের দামে অস্থিরতা তৈরি হয়নি। জনজীবনে স্বস্তি বজায় রেখে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
