AdvertisementAdvertisement

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অসম্ভব: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা অসম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় টিকিয়ে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামোর কোনো বিকল্প নেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী উল্লেখ করেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা হুমকির মুখে পড়বে এবং অপসাংবাদিকতার প্রসার ঘটবে। তিনি গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে গণমাধ্যম শিল্পে বিনিয়োগের ধারা অব্যাহত থাকে।

Advertisement
বিজ্ঞাপন

সরকারের অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা, সংস্কার সাধন এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা দিয়ে আসছেন। সরকারের লক্ষ্য হলো সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রী বলেন, সরকার ও গণমাধ্যমের মধ্যে বিরোধ নয়, বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত লড়াই এখন সময়ের দাবি। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিযোগিতায় টিকে থাকতে মূলধারার গণমাধ্যমকে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও জানান, সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে দর্শক ও পাঠক সংখ্যাই এখন গণমাধ্যমের মানদণ্ড নির্ধারণের মূল ভিত্তি হবে।

Advertisement
বিজ্ঞাপন

উক্ত মতবিনিময় সভায় ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, নিউজ ২৪-এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, বাংলা নিউজ ২৪ ডটকম-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম মনজু এবং কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খানসহ গণমাধ্যম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত- নবম ওয়েজ বোর্ড
0%
0%
0%
0%