AdvertisementAdvertisement

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ আয়োজনে তিনি এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনা করেন। বাসসের প্রতিবেদন অনুযায়ী, ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য প্রদান করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়। আয়োজনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত ৬ জন উদ্যোক্তার মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন। এই উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নতুন এই প্ল্যাটফর্মটি মূলত উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ ও অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো একটি একক প্ল্যাটফর্ম থেকে পাওয়া সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রগতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা এখন জাতীয় অগ্রাধিকার। দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তর নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই বিশেষ তহবিল উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

0%
0%
0%
0%