কোথায় আছেন এখন ড. মুহাম্মদ ইউনূস?

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি আপাতত সেখানে রয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী তিনি আরও তিন মাস যমুনায় থাকতে পারতেন, তবে নিজ উদ্যোগে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ প্রেক্ষিতে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যমুনা পরিদর্শন করেছেন।

অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি এখানে পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। মাস খানেক বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যেতে পারেন, যদিও সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বর্তমানে সেন্টারে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নথিপত্র গোছানো, সাংগঠনিক কাজ সামলানো এবং পরিবারকে সময় দেওয়া এখন তার মূল কাজ। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে থাকা তার দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞাপন

ঘনিষ্ঠদের সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কেউ দেখা করতে চাইলে সুযোগ দেওয়া হবে। ইতিমধ্যে নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে দেখা করতে আসছেন—কেউ অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা জানতে চাইছেন, কেউ ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করছেন, আবার কেউ পেশাগত বিষয় নিয়ে পরামর্শ নিচ্ছেন।

অধ্যাপক ইউনূস বিদেশ থেকেও সফরের আমন্ত্রণ পেয়েছেন। এ কাজে তাকে সহায়তা করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথায় তিনি সশরীরে যাবেন আর কোথায় ভার্চুয়ালি বক্তৃতা দেবেন, তার পরিকল্পনা এখন চলমান।

যমুনায় তার দৈনন্দিন রুটিনে রয়েছে সকাল ৭টার দিকে হালকা হাঁটাহাঁটি, নাশতার পর অফিসের কাজ, বিকেলে আবার হাঁটাহাঁটি এবং সন্ধ্যা কাটছে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে। এছাড়া মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’-র সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি।

সূত্র আরও জানায়, অধ্যাপক ইউনূস ইতিমধ্যেই তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টা ও উপদেষ্টারাও ভোটের আগে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল ২০২৪ সালের ৫ আগস্ট। প্রায় দেড় বছর শাসনের পর ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর মন্ত্রিসভা ঘোষণা করেছেন।

তথ্যসূত্র: যুগান্তর

0%
0%
0%
0%