সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবিকাশমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বিতর্কে এমন আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। বৃহস্পতিবার জাতিসংঘের স্থায়ী মিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উল্লেখ করেন যে, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা এবং ভার্চুয়াল অ্যাসেটের মতো আধুনিক ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা জরুরি বলে তিনি মত দেন।
সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিষয়ে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, এ দেশ সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে একটি শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো বজায় রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত করেছে।
রাষ্ট্রদূত আরও বলেন, সন্ত্রাসবাদ দমনের প্রতিটি পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিচালনা করতে হবে। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো দূর করার পাশাপাশি ইসলামবিদ্বেষ এবং বিদ্বেষমূলক বক্তব্য রোধে বৈশ্বিক নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে উন্নত রাষ্ট্রগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধও জানান বাংলাদেশের এই প্রতিনিধি।
