ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে নতুন বিধি সংশোধন করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর অধিকতর সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর আওতায় ভোটার স্লিপের আকার সর্বোচ্চ ১২ (বারো) সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৮ (আট) সেন্টিমিটার প্রস্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বেশি আকারের ভোটার স্লিপ ব্যবহার করা যাবে না।
এছাড়া সংশোধিত বিধিমালায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার একক কোনো জনসভায় প্রয়োজনীয় সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ লাউড স্পিকার ব্যবহারে অপ্রয়োজনীয় সীমাবদ্ধতা আরোপ করা হবে না, তবে তা অবশ্যই প্রয়োজনের মধ্যে সীমিত থাকতে হবে।
নির্বাচন কমিশনের এই সংশোধনীকে নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং বাস্তবতা অনুযায়ী প্রচার কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
