বিচার বিভাগকে স্বাধীন রাখতে সরকার বদ্ধপরিকর: অ্যাটর্নি জেনারেল

বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি প্রায় তিন মাস ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন এবং এ দীর্ঘ সময়ে কোনো মামলা বা ব্যক্তিবিশেষের পক্ষে রাষ্ট্রের বিচারিক কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো চাপ বা প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই স্বচ্ছ পরিবেশই প্রমাণ করে যে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী।

পেশাগত জীবনে একসময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে ব্যারিস্টার কাজল বলেন, একজন সাংবাদিকের মূল দায়বদ্ধতা হলো প্রকৃত সত্যকে জনগণের সামনে তুলে ধরা। বিচারিক প্রক্রিয়া যেন কোনোভাবেই সংবাদমাধ্যমের প্রভাবের শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিডিয়া ট্রায়ালের মতো পরিস্থিতি কাম্য নয়।

সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে মূলধারার গণমাধ্যমকে সত্য উদ্ঘাটনে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আয়োজিত এই সভায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বক্তারা বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

0%
0%
0%
0%