সংসদে বাড়তি সময়ের দাবিতে রুমিন ফারহানার আক্ষেপ

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে গিয়ে বাড়তি সময়ের জন্য আবেদন জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৮ জুন) অধিবেশন চলাকালে নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি স্পিকারের কাছে এই বিশেষ সুবিধার অনুরোধ করেন। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা আক্ষেপ প্রকাশ করে বলেন, তিনি যেহেতু সরকারি কিংবা বিরোধী কোনো দলেরই অন্তর্ভুক্ত নন, তাই তাকে বাড়তি সময় পেতে বেগ পেতে হচ্ছে। তিনি মন্তব্য করেন যে, কোনো দলের চিফ হুইপই তার সংসদীয় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন না।
নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন যে, তাকে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত আরও দুই মিনিট সময় বরাদ্দ দেওয়া হোক। এই সংকটে তিনি ডেপুটি স্পিকারের বিশেষ বিবেচনা বা ডিসক্রেশনের দিকে তাকিয়ে আছেন বলে সংসদকে অবহিত করেন।