দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে পৌনে দুই গুণ বেশি বন্দি

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে যে পরিমাণ বন্দি আটক রয়েছে, তা অনুমোদিত সক্ষমতার তুলনায় অনেক বেশি, যা দীর্ঘদিনের আবাসন সংকটের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোতে মোট ৪৫ হাজার ১৩৬ জন বন্দি রাখার অনুমোদিত সক্ষমতা রয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ১০৭ জন এবং নারী ২ হাজার ২৯ জনের জায়গা রয়েছে। তবে গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে সেখানে ৭৬ হাজার ১১৩ জন বন্দি আটক আছেন, যার মধ্যে ৭৪ হাজার ৩৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী।

কারাগারে বন্দিদের আবাসন সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া অতি দ্রুত কিশোরগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুর জেলা কারাগার-২ চালু করার প্রস্তুতি চলছে।

মন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে বন্দি আবাসন সংকটের বড় ধরনের সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%