কুমিল্লায় ফুটবল নিয়ে তর্কে ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুসহ বেশ কয়েকজন মিলে শরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।