ত্রিশালে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ৪৭ বছরের অবহেলার অবসান ঘটিয়ে ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল, যা স্থানীয়ভাবে বৈলর খাল নামে পরিচিত, তার পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্ব উদ্যোগে এই খালটি খনন করেছিলেন, যা দীর্ঘ সময় সংস্কারের অভাবে প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলেছিল।
খাল খননের এই প্রকল্পটি অত্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কৃষি জমি সেচ সুবিধার আওতায় আসার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকর সুফল মিলবে বলে আশা করা হচ্ছে। সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে ত্রিশালের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এবং অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থীদের ঢল সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সফরের সূচি অনুযায়ী, নজরুলের স্মৃতিবিজড়িত এই জনপদে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে অংশ নেবেন। সরকারের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালকে নতুন করে বিশ্বদরবারে তুলে ধরার প্রয়াস গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।