গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত পুলিশ প্রধানসহ নিহত ছয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর উত্তরাঞ্চলীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল-নাসের আল-মাকাদমা নিহত হয়েছেন। গত শনিবার গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় চালানো এ হামলায় তিনি প্রাণ হারান। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসকদের তথ্য অনুযায়ী, একই দিনে পৃথক হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত জেনারেল হামাসের সামরিক শাখার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

শনিবারের এই সিরিজ হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে একজন চিকিৎসাকর্মী এবং খান ইউনিসে একটি বসতবাড়িতে আরও দুজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, খান ইউনিসের ওই বাড়িটিতে ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। একই দিনে খান ইউনিসে অপর এক বিমান হামলায় খালেদ আল-ব্রেইম নামের এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়। শোকাতুর স্বজনদের বর্ণনা অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খুশিতে আত্মীয়-স্বজনদের মিষ্টি বিতরণ করতে যাওয়ার পথেই তার প্রাণহানি ঘটে।

সপ্তাহজুড়ে চলা এসব সংঘাতের ধারাবাহিকতায় গত সপ্তাহে ইসরায়েলি হামলায় গুরুতর আহত এক পুলিশ সদস্য শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে লক্ষ্যবস্তু করে প্রাণঘাতী অভিযান চালিয়েছে। তেল আবিবের অভিযোগ, বাহিনীর সদস্যদের অনেকেই হামাসের সশস্ত্র শাখার সঙ্গে সম্পৃক্ত এবং তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি।

হামাস বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, গাজার প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ইসরায়েল সুপরিকল্পিতভাবে পুলিশ বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। হামাসের মতে, এটি অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।

বিজ্ঞাপন

তবে মাঠপর্যায়ে যুদ্ধবিরতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বললেই চলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে পাল্টা হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%