হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে হামে আক্রান্ত রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, হাম আক্রান্ত শিশুরা যেসব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটিতে কর্মস্থলে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা ইতোমধ্যেই জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্যাকসিন গ্রহণের পরেও হাম হওয়ার সম্ভাবনা কেন থাকে—এমন প্রশ্নের ব্যাখ্যায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো ভ্যাকসিনই শতভাগ সুরক্ষার নিশ্চয়তা দেয় না। যেভাবে কলেরা বা অন্যান্য রোগ নির্মূল হওয়ার পরেও পারিপার্শ্বিক স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকে, হামের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকমই। ভাইরাসটি অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়লে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঈদের ছুটিতে আক্রান্ত শিশুদের নিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে বা জনসমাগমস্থলে না যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ব্যাধি, যা শ্বাস-প্রশ্বাস এবং সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই সুস্থ শিশুদের সংক্রমণের ঝুঁকি এড়াতে ভিড় এড়িয়ে চলাই উত্তম।

বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্বেগের কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ভিড়, গণপরিবহনে গাদাগাদি এবং সামাজিক মেলামেশার কারণে হামের প্রাদুর্ভাব আরও বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%