দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক ভ্যান চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত পরিবেশবান্ধব ইলেক্ট্রিক ভেহিকল বা ইভি শিল্পের প্রসারে বড় ধরনের আশাবাদের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি নিজস্ব প্রযুক্তির বিভিন্ন যানবাহন পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী স্বয়ং গাড়ি চালিয়ে এসব উদ্ভাবনের গুণমান যাচাই করেন এবং দেশীয় শিল্পোদ্যোক্তাদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে রাখা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের প্রাক্কালে এসব যান পরিদর্শন করেন এবং নিজেই একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল ও একটি কাভার্ড ভ্যান চালিয়ে সেগুলোর সক্ষমতা পরীক্ষা করেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে গাড়ির বিভিন্ন কারিগরি দিক ও ব্যাটারিচালিত প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করেন।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইভি উৎপাদনকারী প্রতিষ্ঠান। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এসব বাহন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। তবে গাড়ি তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পাওয়া গেলে উৎপাদনের খরচ আরও কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ মান্নান হোসেন খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের আশ্বস্ত করে বলেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উৎপাদন প্রক্রিয়া বজায় রাখা গেলে সরকার এ খাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি গাড়ির বাজারজাতকরণ ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরের সঙ্গে বিশদ আলোচনা করেন।
পরিদর্শন ও বৈঠককালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
