নতুন প্রদেশ গঠনের কোনো পরিকল্পনা নেই সরকারের: রানা সানাউল্লাহ

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের কোনো পরিকল্পনা বর্তমান সরকারের এজেন্ডায় নেই বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানর প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন যে, পাকিস্তানের বিদ্যমান সংসদীয় ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো অত্যন্ত কার্যকর এবং এর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।
আজাদ জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে অভিহিত করে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, পাঞ্জাবে সরকারের সুশাসন এবং দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই জনগণ তাদের ওপর আস্থা রেখেছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, নির্বাচনের পরবর্তী পর্যায়গুলোতেও তাদের দল শক্ত অবস্থান ধরে রাখবে এবং শেষ পর্যন্ত কোনো জোট সঙ্গী ছাড়াই সরকার গঠন করবে।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সমালোচনা প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, বিলাওয়াল নিজেও জানেন যে নির্বাচন প্রক্রিয়ায় কোনো কারচুপি হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের শেষ ধাপ সম্পন্ন হওয়ার পর পিপিপি জনরায় মেনে নিতে বাধ্য হবে।
নতুন প্রদেশ সৃষ্টির বিষয়ে উঠে আসা গুঞ্জন নাকচ করে তিনি জানান, এ ধরনের কোনো প্রস্তাব নিয়ে পাকিস্তানর সরকার কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসেনি এবং বিষয়টি বর্তমানে তাদের বিবেচনাধীন নয়। রানা সানাউল্লাহ আরও বলেন, পাকিস্তানের ১৯৭৩ সালের সংবিধানে বা সংসদীয় গণতন্ত্রে কোনো মৌলিক ত্রুটি নেই। গত পাঁচ দশকে বিভিন্ন রাজনৈতিক সংকট, সামরিক হস্তক্ষেপ এবং অস্থিরতা সত্ত্বেও এই সাংবিধানিক কাঠামোর কারণেই রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পরিশেষে তিনি মন্তব্য করেন, মূল সমস্যা ব্যবস্থাটিতে নয় বরং সংবিধানের সঠিক ও যথাযথ প্রয়োগের অভাব রয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, সাংবিধানিক নীতিসমূহ পুরোপুরি মেনে চললে এই বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
