প্রতিবন্ধী তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় লাহোরের গাজীাবাদ থানার ৭৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

পাকিস্তানের লাহোরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক বা এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্ধকারে রাখার দায়ে গাজী আবাদ থানার পুরো পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের ডিআইজি অপারেশনস ফয়সাল কামরান গভীর রাতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
ঘটনার সূত্রপাত দুই দিন আগে, যখন ওই থানায় কর্মরত তদন্ত শাখার এএসআই ইমরান মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করা হলেও ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তোপের মুখে পড়ে পুরো থানা কর্তৃপক্ষ।
ডিআইজি ফয়সাল কামরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এসএইচও শাহরিয়ারসহ সর্বমোট ৭৮ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। বরখাস্তকৃতদের তালিকায় এসএইচও ছাড়াও আটজন এএসআই, পাঁচজন হেড কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, থানার ফ্রন্ট ডেস্কের কর্মী, মুনশি এবং চালকরা রয়েছেন।
পুরো থানা সাজাপ্রাপ্ত হওয়ার পর নতুন এসএইচও হিসেবে আলী জাইব দস্তগীরকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে, দায়িত্ব পালনে অবহেলা ও তথ্য গোপনের অভিযোগে বরখাস্ত হওয়া এসএইচও এবং অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
