AdvertisementAdvertisement

কিশোরগঞ্জে গ্যাস পাইপলাইন ফুটো করে অবৈধ সংযোগের চেষ্টা, চুনাপাথর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইন ফুটো করে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপচেষ্টাকারী একটি চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে নির্মিত কারখানার তিনটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ চুনাপাথর জব্দ করা হয়েছে।

আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া প্রধান পাইপলাইনে ছিদ্রের কারণে নদী থেকে অনবরত গ্যাস নির্গত হতে দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস চুরির এই ভয়াবহ কর্মযজ্ঞের বিষয়টি নজরে আসে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ধারণা, উচ্চচাপের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার অশুভ প্রচেষ্টার কারণেই এই লিকেজের সৃষ্টি হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, কারখানাটি স্থাপনের ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হয়নি এবং স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছিল। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ময়মনসিংহ বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুমেধ মনি চাকমা, ব্যবস্থাপক শামীম হোসেন এবং কিশোরগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা জানান, কারখানাটি পুরোদমে চালু হওয়ার আগেই তিনটি চুল্লি নির্মাণ ও চুনাপাথর মজুত করা হয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের অসাধু কর্মকাণ্ড পুনরায় না ঘটতে পারে, সেজন্য চুল্লিগুলো পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং জব্দ করা মালামাল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সরকারি সম্পদ চুরির এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%