AdvertisementAdvertisement

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়তে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগান নিয়ে ব্যতিক্রমী বইপড়া উৎসব-২০২৬ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের এই আয়োজনের প্রথম ধাপ ‘মুকুল পর্ব’ উপলক্ষে মঙ্গলবার শ্রীমঙ্গলের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়, সিরাজনগর গাউছিয়া সুন্নী ফাজিল মাদরাসা, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসা, সেন্ট মার্থাস হাই স্কুল এবং ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও বিজ্ঞানের বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে পারবে এবং বই পড়াকে একটি আনন্দময় অভ্যাসে পরিণত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী ও সিরাজনগর গাউছিয়া সুন্নী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমেদ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই এবং এমন আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২১ জুলাই শুরু হওয়া এই উৎসবের প্রথম ধাপে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী শ্রেণিভিত্তিক নির্ধারিত ১৪টি বই পড়ছে। আগামী ১৭ আগস্ট এসব বইয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণি থেকে সেরা ১০ জন শিক্ষার্থী দ্বিতীয় ধাপ ‘ফুল পর্ব’-এর জন্য নির্বাচিত হবে। এরপর চূড়ান্ত ‘ফল পর্ব’-এর মাধ্যমে প্রতিটি শ্রেণির সেরা ১০ জনকে বাছাই করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

এবারের আয়োজনে প্রথমবারের মতো উন্মুক্ত বিভাগ যুক্ত করা হয়েছে, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের যেকোনো বয়সী আগ্রহী ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে এই বইপড়া উৎসবে অংশ নিতে পারছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মযজ্ঞ বাস্তবায়নে সমন্বয় সহযোগী হিসেবে রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী হিসেবে কাজ করছে উত্তরণ।

0%
0%
0%
0%