বিমান বাংলাদেশ: রুমি হোসেন নতুন চেয়ারম্যান

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসি-র বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ বশিরউদ্দীন। তার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী ব্যক্তিত্ব। শেখ বশিরউদ্দীন পদত্যাগের পর থেকে এই পদটি শূন্য ছিল।
বিমান পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান।
এছাড়াও পর্ষদে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।