বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরলো

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি টানা দুই দিন বন্ধ থাকার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত আটটা নাগাদ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি চালু হওয়ায় স্থানীয় লোডশেডিং সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বড়পুকুরিয়া ৫২৫ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি সফলভাবে চালু করা সম্ভব হয়েছে এবং এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
বর্তমানে প্রথম ইউনিট থেকে দৈনিক ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে বলে প্রধান প্রকৌশলী উল্লেখ করেন।
প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় এ অঞ্চলের বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।