আমেরিকান ফুটবলের আঙিনায় এক সাহসী প্রতিবাদের নাম আজিজ আল-শায়ের। হিউস্টন টেক্সানসের এই লাইনব্যাকারের মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন বড় হয়ে উঠেছে তার মানবিক অবস্থান। ন্যাশনাল ফুটবল লিগের নিয়মভঙ্গের দায়ে জরিমানা গুনেও তিনি পিছু হটেননি। বরং গাজায় নিহত শিশুদের স্মরণে নিজের চোখের নিচে ‘আই ব্ল্যাক’-এ নাম লিখে মাঠে নামার সিদ্ধান্তে অটল থেকেছেন এই তারকা।
গত ১৩ সেপ্টেম্বর বাফেলো বিলসের বিপক্ষে ম্যাচে ‘হিন্দ রাজাব’ নাম লিখে মাঠে নামায় তাকে ১১ হাজার ৯৪১ ডলার জরিমানা করেছিল এনএফএল। লিগের কোড অব কন্ডাক্ট বা খেলোয়াড়দের পোশাক ও সরঞ্জাম সংক্রান্ত নীতিমালা ভঙ্গের অভিযোগে এই শাস্তির মুখোমুখি হন তিনি। তবে এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এনবিএ তারকা কাইরি আরভিং, যিনি আল-শায়েরের জরিমানার অর্থ পরিশোধের প্রস্তাব দিয়েছেন।
জরিমানা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আল-শায়ের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার কাছে জীবনের মূল্য অর্থ বা জরিমানার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, একটি জীবনের মূল্য কি ১১ হাজার ডলার? আমার কাছে জীবন অমূল্য। এই দৃঢ় প্রত্যয় নিয়েই সিনসিনাটি বেঙ্গালসের বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামেন আট বছর বয়সী ওয়াফা আকিলার নাম লিখে। গত ৬ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় স্কুলগামী এই শিশুটি তার বাবার সঙ্গে প্রাণ হারায়।
এর আগেও গত জানুয়ারিতে এনএফএল মৌসুম চলাকালীন ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা সম্বলিত টেপ ব্যবহার করায় জরিমানার কবলে পড়েছিলেন এই মুসলিম খেলোয়াড়। মাঠের লড়াইয়ের বাইরেও তিনি গাজার মানবিক সংকট নিয়ে সরব। সিনসিনাটি বেঙ্গালসের বিপক্ষে ম্যাচ শেষে তাকে মাঠের পাশে শিশুদের সঙ্গে দেখা গেছে, যাদের অনেকের হাতে ছিল তার সমর্থনে পোস্টার।
গাজায় চলমান সংঘাতের ফলে হাজার হাজার শিশুর শিক্ষা ও জীবন বিপন্ন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৫০০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। সেই সব নিষ্পাপ প্রাণ আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া শিক্ষা ব্যবস্থার চিত্রই যেন নিজের ‘আই ব্ল্যাক’-এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন আজিজ আল-শায়ের। জরিমানার ভয় উপেক্ষা করে তার এই মানবিক প্রতিবাদ ক্রীড়া বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।