জোয়ার ভাঁটা ছাড়ছেন না আরাত্রিকা মাইতি গুঞ্জন উড়িয়ে নতুন চমকের ইঙ্গিত নায়িকার

জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জোয়ার ভাঁটা’র গল্পে এখন টানটান উত্তেজনা। সম্প্রতি মুক্তি পাওয়া এই ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। প্রোমোতে দেখা যাচ্ছে, দিদিকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনতে মরিয়া উজ্জ্বলা তথা উজি। এমনকি ন্যায়বিচারের জন্য নিজের জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করছে না সে। সায়ন্তন ও দূর্জয়ের গভীর ষড়যন্ত্রে নিশার পাতা বোমার ফাঁদে পড়ে উজির প্রাণ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত ভক্তকুল।
এরই মাঝে মঙ্গলবার রাতে উজির সাজে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আরাত্রিকা মাইতি লিখেছেন, ‘শোনো, আমি আবার জন্ম নেব। এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর’। এই রহস্যময় ক্যাপশন ঘিরেই জল্পনার শুরু। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি চরিত্র থেকে বিদায় নিচ্ছেন আরাত্রিকা? কেউ কেউ তো আবার এমন আশঙ্কাও প্রকাশ করেছেন যে, হয়তো ‘বিগ বস বাংলা’র মঞ্চে পাড়ি জমাচ্ছেন এই তারকা।
সকল জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং আরাত্রিকা। শ্যুটিংয়ের ফাঁকে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রোমো ঘিরে দর্শকদের মনে রহস্য তৈরি হওয়াটাই স্বাভাবিক, তবে সামনে বড় কোনো চমক অপেক্ষা করছে। আরাত্রিকা দৃঢ়ভাবে জানিয়েছেন, ‘উজির ভাগ্যে কী ঘটবে তা এখনই বলা সম্ভব নয়, তবে ধামাকা যে আসছে তা নিশ্চিত। আর আরাত্রিকা এই সিরিয়াল ছেড়ে কোথাও যাচ্ছে না।’ বৃহস্পতিবারের পর্বেই রহস্যের অনেকটা জট খুলে যাবে বলে দর্শকদের আশ্বস্ত করেছেন তিনি।
‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার গুঞ্জনকেও পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, এই ধরনের রটনা কারা ছড়াচ্ছে তা তার জানা নেই। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, গল্পে উজির কোনো বড় পরিবর্তন আসতে চলেছে কিংবা নতুন কোনো রূপে তাকে দেখা যেতে পারে। আপাতত জেনারেশন লিপের কোনো সম্ভাবনা নেই এবং আরাত্রিকা যে এই ধারাবাহিকের প্রাণকেন্দ্র হয়েই থাকছেন, তা একপ্রকার নিশ্চিত। দুই বোনের সম্পর্কের জটিল সমীকরণ আর নিশার ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে ‘জোয়ার ভাঁটা’ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।