টলিপাড়ার কলাকুশলীদের সহায়তায় নতুন স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু কমল

অভিনয়ের জাদুকরী দক্ষতার পাশাপাশি মানবিকবোধ এবং স্পষ্টবাদিতার জন্য বরাবরই চর্চায় থাকেন জীতু কমল। অন্যায়ের বিরুদ্ধে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকা এই অভিনেতা এবার টলিউডের কলাকুশলীদের সহায়তায় আরও এক ধাপ এগিয়ে এলেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে দুঃস্থ টেকনিশিয়ান ও শিল্পী-কুশলীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন নিজের স্বেচ্ছাসেবী সংস্থার। ‘জীতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্সাল ট্রাস্ট’ নামের এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তার পথচলা শুরু করবে আগামী ১১ জুলাই।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অভিনেতা নিজেই এই সুখবরটি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এক সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়েই এই মহতী উদ্যোগের সূচনা হতে যাচ্ছে। অভিনেতা জানিয়েছেন, মহামারীর কঠিন সময় থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই চিন্তাটি তার মাথায় ঘুরছিল। দীর্ঘদিনের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে ইতোমধ্যে সব ধরনের আইনি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন তিনি।
নিজের এই নতুন পথচলা নিয়ে জীতু জানান, বহু শুভাকাঙ্ক্ষী ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে তাকে উপহারের পাশাপাশি অর্থও পাঠিয়ে থাকেন। কাউকে অসম্মান করতে চান না বলে সেই অর্থ গ্রহণ করলেও, দীর্ঘদিনের একটি আক্ষেপ তাকে তাড়িয়ে বেড়াত। অবশেষে তার মনে হলো, মানুষের দেওয়া এই অর্থ যদি আর্তমানবতার সেবায় ব্যবহৃত হয়, তবে তা হবে সর্বোচ্চ সার্থকতা। যে মানুষগুলোর অর্থের প্রকৃত প্রয়োজন, তাদের হাতেই এই ভালোবাসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ট্রাস্ট গঠন করা।
প্রসঙ্গত, সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন এই অভিনেতা। সম্প্রচার চলাকালীন ধারাবাহিকটি নিয়ে নানা মহলে চর্চা ও বিতর্কের জন্ম হলেও, সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে অগণিত ভক্তের ভালোবাসা নিয়েই যাত্রা শেষ করেছেন তিনি। বিনোদন দুনিয়ার গ্ল্যামারের আড়ালে থাকা নেপথ্যের কারিগরদের জন্য জীতু কমলের এই মানবিক উদ্যোগ টলিপাড়ায় বেশ প্রশংসিত হচ্ছে।