শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর মোড়ে রবি সিম কোম্পানির একটি মোবাইল টাওয়ার থেকে নিচে পড়ে মাছুম গাজী (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে সংঘটিত এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাছুম গাজী পশ্চিম বংশীপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে হঠাৎ করেই রাস্তার ওপর ভারী কিছু পড়ার বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে তারা ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাছুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় তিনি ওই মোবাইল টাওয়ারে উঠেছিলেন এবং সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তারা তথ্য পেয়েছেন। সম্ভবত তিনি টাওয়ারে ওঠার পর আর নামতে না পেরে নিচে লাফিয়ে পড়ে মারা গেছেন। পুলিশ এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

০%
০%
০%
০%