বিয়ানীবাজার ভূমি অফিসে ভারপ্রাপ্ত কানুনগোকে লাঞ্ছিত করার অভিযোগ

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো গৌতম কুমার শীলকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রোববার রাতের এই ঘটনায় স্থানীয় ভূমি কার্যালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজ কার্যালয় থেকে বেরিয়ে আসার পথে আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি হঠাৎ তার ওপর হামলে পড়েন। ঘটনার সময় অন্য একজন ব্যক্তি পুরো দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেন। কয়েকটি নামজারি আবেদনকে কেন্দ্র করে মহলবিশেষ আগে থেকেই ভারপ্রাপ্ত কানুনগোর ওপর ক্ষিপ্ত ছিল এবং এর জের ধরেই এই লাঞ্ছনার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কানুনগো গৌতম কুমার শীল অভিযোগ করেছেন, বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি অফিস থেকে জালিয়াতির দায়ে বহিষ্কার হওয়া এক দলিল লেখক প্রায়ই জাল কাগজপত্র দিয়ে নামজারি করিয়ে নিতে চান, যা তিনি প্রতিহত করেছিলেন। ওই দলিল লেখক কেবল তাকেই নন, বরং আরও একাধিক ভূমি কর্মচারীকে জিম্মি করে অবৈধভাবে টাকা-পয়সা আদায় করতে চান বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, তিনি একটি ভিডিও দেখেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই অপ্রীতিকর ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কার্যালয়ের কর্মচারীরা।

০%
০%
০%
০%