ফুলগাজী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের চোরাই ভারতীয় শাড়ি, প্রসাধনী ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সীমান্তবর্তী এই এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোনাপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে একশ গজ দূরে মনতলা কবরস্থান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করা হয়। জব্দ করা এসব চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ আশি হাজার নয়শত বিশ টাকা।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। এছাড়া সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।