হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে আব্দুর রহিম (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার বাসিন্দা আবুল বাশারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর আবদার মেটাতে মোবাইল ফোন কেনা নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। মঙ্গলবার রাতে পারিবারিক টানাপড়েনের মধ্যেই তিনি স্ত্রীর জন্য একটি মোবাইল ফোন কিনে দেন। এরপর বুধবার ভোররাতের কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ভোরবেলা স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল ফোন কেনা নিয়ে সৃষ্ট পারিবারিক মনোমালিন্যের কারণে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।