পীরগঞ্জে পাঁচ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সমরাজুল ইসলাম সোহেল নামের এক ব্যক্তি পাঁচ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহভাজন সমরাজুলের দেহ তল্লাশি করে প্রথমে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তার বসতবাড়িতে রাখা একটি কাঠের বাক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেন দায়িত্বরত কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত সমরাজুল ইসলামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ঘটনার পরবর্তী তদন্তভার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওপর ন্যস্ত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা মাদক কারবারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%