জাজিরায় ফোঁড়ার অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, পল্লিচিকিৎসকের বিরুদ্ধে মামলা

শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার অস্ত্রোপচারের পর সাদিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে ডা. মনির নামে এক পল্লিচিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির দাদা। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের পাচুখারকান্দি বাজারের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়ার পিঠে টিউমারের মতো একটি ফোঁড়া হয়েছিল। শিশুটিকে চিকিৎসার জন্য পাচুখারকান্দি বাজারের ওই ফার্মেসিতে নিয়ে যান তার ৬৫ বছর বয়সী দাদি নাসিমা বেগম। সেখানে ফোঁড়ার অস্ত্রোপচারের সময় ইনজেকশন দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মনির কুন্ডেরচর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করেন। তবে অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলা বা ভুল ছিল কি না, তা তদন্তসাপেক্ষ।

নিহত সাদিয়া উপজেলার বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী হান্নান ফকির ও লায়লা বেগমের মেয়ে। পারিবারিক মনোমালিন্যের কারণে প্রায় ছয় মাস ধরে এক ছেলে ও এক মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে বাবার বাড়িতে থাকছেন সাদিয়ার মা।

মেয়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লায়লা বেগম বলেন, “আমার মেয়েকে ডা. মনির মেরে ফেলেছে। আমি তার ফাঁসি চাই।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

০%
০%
০%
০%