নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেনের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাৎ ও উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সদস্য পদ বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে চূড়ান্তভাবে পদচ্যুত করা হয়েছে অভিযুক্ত এই জনপ্রতিনিধিকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সোহরাব হোসেন ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৭ হাজার ৭৫০ কেজি চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে বিক্রি করে দিয়েছিলেন। পাশাপাশি তিনি এই কর্মসূচির ২৪৭ জন উপকারভোগীর জমাকৃত অর্থও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২১ মে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর কাছে ব্যাখ্যা তলব করা হলেও কর্তৃপক্ষের কাছে তা সন্তোষজনক মনে হয়নি। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বর্তমানে সুকাশ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এখন পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।