মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে ২২ বোতল ভারতীয় মদসহ মো. দেলোয়ার হোসেন (২০) ও সাইদুল মিয়া (২১) নামের দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃত মো. দেলোয়ার হোসেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে এবং সাইদুল মিয়া একই এলাকার মৃত দিলবর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুন্সীবাজার ইউনিয়নের পরানধর এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী ওই দুই যুবকের গতিবিধি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে তাদের তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় মদ পাওয়ার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।