শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৮টায় রাঙ্গামাটির বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গামাটি জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি সদস্য মোঃ মহিউদ্দিন, এনসিপি সদস্য আশা আক্তার এবং রাঙ্গামাটি জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান।
বক্তারা বলেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ও পৈশাচিক ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘটনার বিচার সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্মসূচিতে মোঃ শহিদুল ইসলাম খান বলেন, শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান।