ভাতের হোটেলে জুয়ার আসর, শরীয়তপুরের নড়িয়ায় ৬ জুয়াড়ি গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাতে নড়িয়া থানার এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) ও নিজাম ঢালী (৪২)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় নড়িয়া থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%