ফটিকছড়িতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নিহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের লোকমান হাকিমের কন্যা সামিহার সঙ্গে সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো. মারুফ পারভেজের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার রাতে নিহার অসুস্থতার কথা জানিয়ে মারুফ তার শ্বশুরবাড়িতে ফোন করেন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে নিহার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই স্বামীসহ পরিবারের অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

নিহতের মা রূপা আকতার অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই নিহাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী মারুফ পারভেজ। বারবার সতর্ক করা সত্ত্বেও নির্যাতনের মাত্রা কমেনি। রূপা আকতারের দাবি, নির্যাতন চালিয়ে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামী মারুফসহ কয়েকজনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%