অস্ট্রেলিয়া সিরিজের আগে ইতিবাচক ক্রিকেটের ডাক বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্পের

অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখে কোনো আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না বাংলাদেশ নারী ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ ডেভিড হেম। আগামী ৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজের দলের খেলোয়াড়দের ইতিবাচক ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন তিনি। ৫৫ বছর বয়সী এই কোচ দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে এই সিরিজ দিয়েই তার নতুন অধ্যায় শুরু করছেন।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডেভিড হেম বলেন, প্রতিপক্ষ যে বিশ্বের সেরা দল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই তারা তালিকার শীর্ষে অবস্থান করছে। তাদের দলে দারুণ কিছু ব্যক্তিগত পারফর্মার রয়েছে। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে নিজেদের খেলার ধরণ ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা।

তিনি আরও যোগ করেন, ম্যাচ শেষে দল যেন এমন অবস্থায় না পড়ে যে, আফসোস করতে হয়—ইশ, যদি অন্যভাবে খেলতাম! আমরা যা কিছুই করি না কেন, তাতে ইতিবাচক থাকতে হবে। কেবল মাঠে খেলাটাই নয়, খেলার প্রতি দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনাতেও ইতিবাচক হতে হবে। এই পথ ধরে এগোলেই কেবল দল সামনের দিকে এগিয়ে যাবে।

এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব এবং নেপালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডেভিড হেমের। পুরনো সেই সম্পর্কের সুবাদেই বর্তমান দলে ফিরে মানিয়ে নেওয়াটা তার জন্য অনেক সহজ হয়েছে বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের সাথে নিজের বোঝাপড়া নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার পিচের অতিরিক্ত গতি ও বাউন্স মোকাবিলা করা বাংলাদেশ দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ জানান, অস্ট্রেলিয়ায় এটিই আমাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। প্রস্তুতি বেশ ভালো হয়েছে এবং একটি প্রস্তুতি ম্যাচও আমরা খেলেছি। এখানকার পিচে দেশের তুলনায় বেশি গতি ও বাউন্স থাকায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও মেয়েরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্পূর্ণ নতুন এবং অচেনা এই কন্ডিশনে গত চার-পাঁচ দিনের প্রস্তুতি নিয়ে দলের অগ্রগতি বেশ সন্তোষজনক।

০%
০%
০%
০%